মাঝ আকাশে বৃদ্ধার প্রাণ বাঁচালো অ্যাপল ওয়াচ

২৪ জানুয়ারি, ২০২৪ ১৮:২১  

অ্যাপল ওয়াচ মানুষের স্বাস্থ্যের উপর নজর রাখার ক্ষেত্রে স্মার্টওয়াচের বাজারে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। এটি কেবল একটি দাবি নয়, অনেকের জন্য সত্যিকারের জীবন রক্ষাকারী।

সাম্প্রতিক একটি ঘটনায়, একজন মহিলা ফ্লাইটের সময় গুরুতরভাবে অসুস্থ বোধ করেন, তখন দেখা যায় অ্যাপল ওয়াচই ছিলো সেই সময়ের নায়ক। ভাগ্যক্রমে, বিমানে একজন ডাক্তার ছিলেন, এবং তিনি ওয়াচের রক্তে অক্সিজেনের পরিমানের ফিচারটি (দুর্ভাগ্যবশত সম্প্রতি ফিচারটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে) দেখেন ও মহিলার জীবন বাঁচান।

৯ জানুয়ারি যুক্তরাজ্য থেকে ইতালি যাওয়ার একটি ফ্লাইটে, ৭০ বছর বয়সী এক ব্রিটিশ মহিলার শ্বাসকষ্ট শুরু হয়েছিলো। ফ্লাইট ক্রু, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সাহায্য চেয়েছিলেন। ভাগ্যক্রমে, বিমানটিতে রশিদ রিয়াজ নামে একজন জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) চিকিৎসক ছিলেন। বিবিসি জানায়, ৪৩ বছর বয়সী ডাঃ রিয়াজ ক্রুদের জিজ্ঞাসা করেছিলেন যে মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য একটি অ্যাপল ওয়াচ আছে কিনা।

অ্যাপল ওয়াচে স্বাস্থ্য-মনিটরিং বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে, ডাঃ রিয়াজ বিশেষভাবে রক্তের অক্সিজেন বৈশিষ্ট্যটি ব্যবহার করেছেন। এই বৈশিষ্ট্যটি ফুসফুস থেকে শরীরের বাকি অংশে লোহিত রক্তকণিকা দ্বারা বাহিত অক্সিজেনের পরিমাণ পরিমাপ করে এবং নিম্ন স্তরগুলো প্রায়শই শ্বাসকষ্টের সঙ্গে যুক্ত থাকে। অ্যাপল ওয়াচ ডক্টর রিয়াজকে মহিলার কম অক্সিজেনের মাত্রা সম্পর্কে সতর্ক করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এটিও জানিয়েছিলো যে তার হৃদরোগের সমস্যা ছিলো।

ডাক্তার পরিস্থিতি বিবেচনায় এরপর অন-বোর্ড অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেনের মাত্রা স্থিতিশীল রাখেন। প্রায় এক ঘন্টা পরে বিমানটি ইতালিতে নিরাপদে অবতরণ করে।

ডিবিটেক/বিএমটি